দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে শান্ত (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। সেখানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শান্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত শান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া এলাকার শতদল রায়ের ছেলে। আহতরা হলেন—কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫), একই উপজেলার বাবর মাঝীর ছেলে সুনান মাঝী ও সাজিদ (২৩) এবং পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুটি মোটরসাইকেলে পাঁচজন আরোহী কাউখালীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচ আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। সেখানে শান্তকে মৃত ঘোষণা করা হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে দুজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে অ্যাম্বুলেন্সে তাঁদের জেলা হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারেন তিনি।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) জানান, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাঁদেরও প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় পাঠানো হয়।
এমএস/