দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের জিয়ানগরে সুপারি ও কলা চুরির অভিযোগে বৃদ্ধ রুহুল আমিন আকনকে কোমরে লোহার শিকল বেঁধে এবং গলায় সুপারি ও কলার ছড়া ঝুলিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার মেয়ে কুলসুম বেগম। অভিযোগে তিনজনকে বিবাদী করা হয়েছে। এদিকে ভুক্তভোগী বৃদ্ধকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। তাঁকে পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের নির্দেশে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম বৃদ্ধ রুহুল আমিনের হাতে ১০ হাজার টাকা তুলে দেন। এ সময় ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন ও ইউপি সদস্য মো. মজনু হোসেন রনি উপস্থিত ছিলেন।
রোববার সকালে প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম জানান, জেলা প্রশাসকের নির্দেশে রুহুল আমিনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তাকে পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতাও করা হবে বলে জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন।
এদিকে গত ২০ নভেম্বর রুহুল আমিনের মেয়ে কুলসুম বেগম বাদী হয়ে ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ করেন। এতে আঃ হালিম (৬০), মো. জব্বার (৫৫) ও নেয়ামত উল্লাহ (২০) নামের তিনজনকে বিবাদী করা হয়েছে। তাঁদের মধ্যে হালিম ও জব্বার কালাইয়া এলাকার এবং নেয়ামত উল্লাহ খোলপটুয়া এলাকার বাসিন্দা। অভিযোগে বৃদ্ধকে আটকে রাখা, মারধর এবং অপমানজনকভাবে রাস্তায় ঘোরানোর কথা উল্লেখ করা হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর রাতে সুপারি চুরির অভিযোগে রুহুল আমিনকে শিকল দিয়ে বেঁধে রাখার ঘটনা ঘটে। তাদের ভাষ্য, রাত আনুমানিক একটার দিকে প্রতিবেশী হালিম সিকদারের বাগান থেকে এক ছড়া সুপারি পাড়ার সময় তার ভাই জব্বার সিকদার রুহুল আমিনকে ধরে ফেলেন। পরে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এ সময় মারধরও করা হয় বলে অভিযোগ করেন রুহুল আমিন।
পরদিন সকালে কোমরে শিকল বাঁধা অবস্থায় তার গলায় একটি কলার ছড়া ও একটি সুপারির ছড়া ঝুলিয়ে পার্শ্ববর্তী খা-এর হাট এলাকায় ঘোরানো হয়। পরে তাঁকে পুলিশের কাছে দেওয়ার প্রস্তুতিকালে স্থানীয় নাসির উদ্দিন তাদের কাছ থেকে রুহুল আমিনকে ছাড়িয়ে নেন বলে পরিবারের দাবি।
রুহুল আমিনের স্ত্রী মিনারা বেগম অভিযোগ করেন, তার স্বামীর কাছে ১০ হাজার টাকা জরিমানা দাবি করা হয়েছিল। পরে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে ছাড়িয়ে নেওয়া হয়। তার দাবি, স্বামী মানসিকভাবেও সুস্থ নন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাঁদের সন্তানদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হতে হচ্ছে।
রুহুল আমিন বলেন, তাকে বেঁধে রেখে মারধর করা হয়েছে। গলায় কলা ও সুপারি ঝুলিয়ে বিভিন্ন জায়গায় ঘোরানো এবং ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। হালিম হুজুর ও জব্বার এসব করেছেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে হালিম সিকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কথা বলার জন্য বাসার সামনে অপেক্ষা করতে বলেন। পরে তার ভাইয়ের ছেলে এবং ইন্দুরকানী সদর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান সিকদার ফোন করে দাবি করেন, তাদের পরিবারের কেউ রুহুল আমিনকে মারধর করেননি। তার ভাষ্য, রুহুল আমিন পেশাদার চোর এবং চুরি করতে গিয়ে ধরা পড়ার পর স্থানীয়রা তাকে বেঁধে রেখেছিলেন। তবে এভাবে বেঁধে রাস্তায় ঘোরানো ঠিক হয়নি বলে স্বীকার করেন তিনি।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ঘটনার একটি ভিডিও দেখার পর তিনি ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠিয়েছিলেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যে আই