দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের পটিয়ায় শ্রীমাই খালের ওপর সেতু না থাকায় দুই দশক ধরে দুর্ভোগ পোহাচ্ছেন তিন ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ। ২০০৫ সালে পুরোনো সেতুটি ভেঙে যাওয়ার পর আর নির্মাণ করা হয়নি নতুন সেতু। ফলে প্রায় ৭০ ফুট দীর্ঘ ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুলশিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা।
পটিয়ার ভাটিখাইন ইউনিয়নের ঠেগরপুনি এলাকার চিত্র এটি। ভাটিখাইন, ছনহরা ও আশিয়া ইউনিয়নের মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে সেতু না থাকায় বন্ধ রয়েছে যানবাহন চলাচল। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হচ্ছেন কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী ও শিক্ষার্থীরা।
১৯৬২ সালে শ্রীমাই খালের ওপর নির্মিত পাকা সেতুটি ২০০৫ সালে পাহাড়ি ঢল ও প্রবল স্রোতে ধসে পড়ে। এরপর প্রায় দুই দশক পেরিয়ে গেলেও নতুন সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হয়নি। বর্ষা মৌসুমে খালের পানি বেড়ে গেলে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা।
সেতু না থাকায় কৃষিপণ্য পরিবহনেও দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের। পায়ে হেঁটে কিংবা কাঁধে করে ফসল বহন করতে হচ্ছে তাঁদের। এতে বাড়ছে সময় ও পরিবহন খরচ।
পটিয়া উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ জানান, শ্রীমাই খালের ওপর ৩০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। বাজেট অনুমোদন পেলে দরপত্রের মাধ্যমে নির্মাণকাজ শুরু হবে।
এদিকে ঠেগরপুনি বুড়াগোঁসাই বৌদ্ধমন্দিরকে ঘিরে প্রতিবছর বসে ঐতিহ্যবাহী মাঘী পূর্ণিমার মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থী সেখানে আসেন। তবে সেতু না থাকায় তাঁদেরও ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পার হয়ে মেলায় যেতে হয়।
দীর্ঘ দুই দশকের দুর্ভোগ থেকে মুক্তি চান স্থানীয়রা। দ্রুত সেতু নির্মাণ করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।
যে আই