দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বিভিন্ন স্থানে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৩ জেলায় সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বাস, ট্রাক, ট্রেন, সরকারি কার্যালয়, রাজনৈতিক দলের কার্যালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। কোথাও রেললাইনে টায়ার জ্বালিয়ে ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে, কোথাও সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধের চেষ্টা চালানো হয়েছে।
সবচেয়ে বেশি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে গোপালগঞ্জে। বৃহস্পতিবার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জেলার কাশিয়ানীতে বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে দুপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ছাড়া বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের একাধিক শাখা, সরকারি দপ্তর, বিএনপির কার্যালয় এবং অন্যান্য স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার কারণে কয়েকটি রুটে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ রাখা হয়েছে।
বাস ও ট্রেনে অগ্নিসংযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়েছে। কাঁচপুর এলাকায় যাত্রীসেবা পরিবহনের আরেকটি বাসেও অগ্নিসংযোগ করা হয়। ফতুল্লার পাগলা রেলস্টেশন এলাকায় পদ্মা রেল সংযোগের একটি পিলারসংলগ্ন স্থাপনায় আগুন লাগার ঘটনায় ওই পথে ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।
সিলেট নগরের চালিবন্দর এলাকায় একসঙ্গে চারটি বাসে আগুন দেওয়া হয়। রাজশাহীতে বিআরটিসির বাস ডিপোতে অগ্নিসংযোগ এবং দুটি বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ময়মনসিংহের বিসকা রেলস্টেশনে জারিয়া লোকাল ট্রেনের একটি কোচে আগুন দেওয়া হয়। এতে দুটি আসন পুড়ে যায়।
কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত বাসে ককটেল নিক্ষেপের পর আগুন ধরে যায়। তবে যাত্রীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। খাগড়াছড়িতে দুটি পিকআপ, রংপুরে একটি বাস এবং পাবনার সুজানগরে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা
চট্টগ্রামের আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। বাঁশখালীতে সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি এবং একটি গ্রামীণ ব্যাংক শাখার বাইরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গাজীপুরের ভুরুলিয়ায় পল্লী বিদ্যুতের অভিযোগকেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নবনির্মিত মিলনায়তনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় আসবাব ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। চাঁদপুরে একটি ইউনিয়ন পরিষদ ভবনেও আগুন দেওয়া হয়েছে।
ফেনীর ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের শাখা, ইউনিয়ন ভূমি কার্যালয় ও ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সুনামগঞ্জের তাহিরপুরেও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয়। তবে কয়েকটি স্থানে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বাগেরহাটে বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের পাশাপাশি সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। নাটোরের গুরুদাসপুরে উপজেলা মহিলা দলের এক নেত্রীর মালিকানাধীন দুটি দোকানে আগুন দেওয়া হয়।
রেললাইন অবরোধ ও ককটেলসদৃশ বস্তু উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর টায়ারে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। আখাউড়ায় রেলওয়ের সংকেত বাক্সেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাজশাহীর চারঘাটে রেললাইনে আগুন দেওয়া হয়। টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রলবোমা নিক্ষেপ এবং গোড়াই উড়ালসড়ক থেকে মহাসড়কে পেট্রোলবোমা ছোড়ার ঘটনা ঘটেছে।
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সেটি পরীক্ষা করতে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। রাজশাহীর বাঘায় গ্রামীণ ব্যাংকের একটি শাখাসংলগ্ন এলাকা থেকে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
আতঙ্ক ও যান চলাচলে বিঘ্ন
লক্ষ্মীপুরের রায়পুরে থানা লক্ষ্য করে আতশবাজি নিক্ষেপের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঢাকার সাভারে মহাসড়কে ককটেল নিক্ষেপের অভিযোগে একজনকে আটক করা হয়। কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি দোকান থেকে প্রায় ৩০০টি লগি-বইঠা জব্দ করেছে পুলিশ।
এসব ঘটনার পর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। তবে একের পর এক অগ্নিসংযোগ, হামলা ও নাশকতার ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে পরিবহন চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
উল্লেখ্য, গোপালগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও রাজবাড়ীতে এসব নাশকতার খবর পাওয়া গেছে।
এমজে