দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের ডাকা লকডাউন উপেক্ষা করে পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে । তবে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা গেছে। সেতুর উভয় প্রান্তের টোল প্লাজা দিয়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের জাজিরা টোল প্লাজা ও আশপাশের এলাকায় এমন চিত্র দেখা যায়। এ সময় সড়কে যানবাহনের চাপ ছিল তুলনামূলক কম। তবে পণ্যবাহী ট্রাকসহ কিছু যানবাহন নিয়মিত বিরতিতে সেতু পারাপার হতে দেখা গেছে।
পুলিশ ও পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগতরাত ১২টা থেকে সকাল ১০.টা পর্যন্ত পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ৪ হাজার ৭৭৫ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৭১ লাখ ১৫ হাজার ৭০০ টাকা। এর মধ্যে শরীয়তপুরের জাজিরা প্রান্ত দিয়ে মাওয়ামুখী ১৮১৩টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ২৬ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে জাজিরামুখী ২৯৬২ টি যানবাহন পারাপার হয়েছে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ৪৪ লাখ ৯১ হাজার ২৫০ টাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সেতুর যান চলাচল ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে কর্মসূচির কারণে সেতুতে যান চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকলেও স্বাভাবিকভাবেই পারাপার হচ্ছে সব ধরনের যানবাহন।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান এই সড়কে টানা দুই দিন ধরে তাঁরা অবস্থান করছেন। শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে নেতাকর্মীরা সড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সতর্ক পাহারা দিচ্ছেন।
এ বিষয়ে শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যাতে লকডাউন কর্মসূচির নামে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। জনগণের জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।
এ বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বলেন, সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। টোল আদায় ও যানবাহন পারাপারের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সেতুর সার্বিক পরিস্থিতি কর্তৃপক্ষের নজরদারিতে রয়েছে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস সালাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সেতু ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত যান চলাচলে কোনো ধরনের বাধা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কে