দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেশার টাকা জোগাড় করতে মায়ের গলার এক ভরি ওজনের স্বর্ণের মালা ছিনিয়ে নিয়ে তাঁকে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আশরাফুল ইসলামের (২২) বিরুদ্ধে। এ ঘটনায় হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে আশরাফুলের বন্ধু ও প্রতিবেশী রহিম উদ্দিন (২৪) এবং চোরাই স্বর্ণের মালা কেনার অভিযোগে আব্দুল জলিল নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে রাত ১০টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে মতিফুল নেছা নামের ওই বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনের জন্য টাকা জোগাড় করতে আশরাফুল তাঁর মায়ের কাছে টাকা চান। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে আশরাফুল ও তাঁর বন্ধু রহিম উদ্দিন মিলে বৃদ্ধার গলার এক ভরি ওজনের স্বর্ণের মালা ছিনিয়ে নেন। এ সময় তাঁকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে বাড়িতে রেখে যান বলে অভিযোগ রয়েছে।
পরে তাঁরা ওই স্বর্ণের মালা উপজেলার মৈত্র বড়হর গ্রামের আব্দুল জলিলের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেন। চোরাই স্বর্ণ কেনার অভিযোগে তাঁকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার এক ঘণ্টার মধ্যে স্বর্ণের মালা উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এক ভরি ওজনের স্বর্ণের মালা ছিনিয়ে নিতেই আশরাফুল তাঁর মাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে রহিম উদ্দিন এবং স্বর্ণ কেনার অভিযোগে আব্দুল জলিলসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার টাকা জোগাড় করতেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএস/