দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় কৃষকদের সঙ্গে মাঠে নেমে ধান কাটার মধ্য দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ। এ সময় দেশে সার সংকট নেই উল্লেখ করে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে সার মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের ভাবনহাটি মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন জেলা প্রশাসক। একই অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা ও মসুর চাষের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন নাহার। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরার উপপরিচালক মো. জসীম উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর-এ-নবী, জেলা বিএনপির সাবেক সদস্য মো. মিজানুর রহমান, জেলা কৃষক দলের সহসভাপতি মো. সুজন বিশ্বাসসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকেরা।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর-এ-নবী জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। এ কর্মসূচির আওতায় জেলায় মোট ১২ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় কৃষকেরা জানান, জেলা প্রশাসক নিজে মাঠে নেমে তাঁদের সঙ্গে ধান কাটায় অংশ নেওয়ায় তাঁরা উৎসাহিত হয়েছেন। প্রশাসনের এমন সরাসরি অংশগ্রহণ কৃষিকাজে তাঁদের আগ্রহ আরও বাড়াবে বলে আশা করছেন তাঁরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। সরকার কৃষকদের যে কৃষি প্রণোদনা দিচ্ছে, তার সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের কৃষি উৎপাদন অনেক বাড়বে।
সার সংকট প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, দেশে কোনো সার সংকট নেই। এক শ্রেণির অসাধু ব্যক্তি সরকারকে বিপদে ফেলতে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এ ধরনের অসাধু ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কৃষি উৎপাদন বাড়াতে সরকারি প্রণোদনা কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি কৃষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক।
যে আই