দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের উলিপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক নজরুল ইসলামের বিরুদ্ধে প্রায় দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষকদের।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলামের বিরুদ্ধেও হাজিরা খাতায় নজরুল ইসলামকে উপস্থিত দেখিয়ে বেতন-ভাতা উত্তোলনে সহযোগিতার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রধান শিক্ষক ও অফিস সহায়কের মধ্যে মামা-ভাগিনার সম্পর্ক। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের জমিদাতা ও এক শিক্ষার্থীর অভিভাবক শাহ আলম।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ নভেম্বর বিদ্যালয়টি সরেজমিনে তদন্ত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন। এ সময় তিনি অফিস সহায়ক নজরুল ইসলামকে বিদ্যালয়ে অনুপস্থিত পান।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের শুরুর দিকে হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ে অফিস সহায়ক পদে যোগ দেন নজরুল ইসলাম। একই বছরের নভেম্বরে তিনি উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। তবে প্রধান শিক্ষকের সহযোগিতায় হাজিরা খাতায় উপস্থিতি দেখিয়ে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করে আসছেন।
অভিযোগকারী শাহ আলমের দাবি, নজরুল ইসলাম দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় তাঁর নিয়মিত স্বাক্ষর দেখানো হচ্ছে। সরকারি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এভাবে বেতন-ভাতা উত্তোলনের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
তদন্তের সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরাও জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নজরুল ইসলামকে তাঁরা বিদ্যালয়ে আসতে দেখেননি। প্রধান শিক্ষক তাঁর মামা বলেও তাঁরা শুনেছেন।
স্থানীয় বাসিন্দা মাঈদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শাহজামাল, নান্নু মিয়া ও মানিক মিয়াসহ কয়েকজনের অভিযোগ, প্রধান শিক্ষক বিদ্যালয়টিকে অনেকটা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তাঁদের দাবি, প্রধান শিক্ষকের আত্মীয়স্বজনদের মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীসহ ছয়জন কর্মরত রয়েছেন। তবে এ বিষয়ে প্রধান শিক্ষক সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, নজরুল ইসলাম আগে মাঝেমধ্যে বিদ্যালয়ে আসতেন। তবে কিছুদিন ধরে তাঁকে আর আসতে দেখা যাচ্ছে না।
অভিযোগকারী শাহ আলম বলেন, নজরুল ইসলাম দীর্ঘদিন বিদ্যালয়ে আসেন না। অথচ প্রধান শিক্ষকের সহযোগিতায় হাজিরা খাতায় উপস্থিতি দেখিয়ে নিয়মিত বেতন-ভাতা তুলছেন বলে তাঁরা জানতে পেরেছেন। বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
অভিযোগের বিষয়ে নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তিনি পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম বলেন, নজরুল ইসলাম নিয়মিত বিদ্যালয়ে আসতেন। চলতি নভেম্বর মাসে তিনি অনুপস্থিত রয়েছেন। এর কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, নজরুল ছুটিতে আছেন। ছুটির আবেদন দেখতে চাইলে তিনি জানান, আবেদনের কপি তাঁর বাড়িতে রয়েছে।
বিদ্যালয়ে তাঁর ছয়জন আত্মীয়স্বজন কর্মরত থাকার বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি প্রধান শিক্ষক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন তদন্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তকালে অফিস সহায়ক নজরুল ইসলামকে অনুপস্থিত পাওয়া গেছে। বিদ্যালয় থেকে হাজিরা খাতা, ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি। তদন্তের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হবে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
যে আই