দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিগত সরকারের আমলে প্রণীত মানবতাবিরোধী অপরাধের আইনেই এখন তাদের বিচার চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতেই নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়ার হোটেল মম ইন-এ বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং পলাতক ব্যক্তিদের দেশে ফেরার বিষয়ে গুঞ্জন ছড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে গণমাধ্যমকর্মীদের বিরত থাকা উচিত। তিনি বলেন, অনেকে বলছেন, পাসপোর্ট দেওয়া হচ্ছে কিংবা অমুক দেশে ফিরছেন। অথচ মানবতাবিরোধী অপরাধ আইনের ৪৭ (এ) অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, এ ধরনের অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা সাধারণ নাগরিকের মতো সুবিধা পাবেন না। আওয়ামী লীগ সরকার নিজেরাই আইনটি প্রণয়ন করেছিল। এখন সেই আইনের আওতায় তাদের বিচার হচ্ছে।
ফ্যাসিবাদের প্রশ্নে সংসদে সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয় সরকারব্যবস্থা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিদ্যমান পাঁচটি স্তরের পাশাপাশি স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের কাজ চলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে প্রথম গ্রাম সরকার প্রতিষ্ঠা করেন। পরে ২০০৩ সালে বেগম খালেদা জিয়া স্বনির্ভর গ্রাম সরকার আইন প্রণয়ন করেন, যা ২০০৯ সালে বাতিল করা হয়। নতুন করে এ ব্যবস্থা চালু হলে গ্রামের ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবেই নিষ্পত্তি করা সম্ভব হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, নির্বাচন কমিশন দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচটি সম্ভাব্য ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে। প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২১ জানুয়ারি হতে পারে। দ্বিতীয় ধাপের নির্বাচন ৪ বা ৬ ফেব্রুয়ারি হতে পারে। রমজান, ঈদ ও পাবলিক পরীক্ষা শেষে এপ্রিল ও মে মাসের ২৭ তারিখের মধ্যে বাকি ধাপের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান তিনি।
বগুড়া প্রেসক্লাবের ঐক্যের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় একাধিক প্রেসক্লাব থাকলেও বগুড়ার সাংবাদিকদের নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ প্রেসক্লাব রয়েছে। এ সময় উত্তরবঙ্গের পরিবর্তে উত্তরাঞ্চল শব্দটি ব্যবহারের অনুরোধ জানান তিনি।
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের পরিবারের জন্য নিজের ঐচ্ছিক তহবিল থেকে জীবিত ও মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত ১৩টি পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির চিকিৎসা তহবিলে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বগুড়ার সাংবাদিকতার দীর্ঘ ঐতিহ্য বিবেচনায় বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মতি দিয়েছেন। বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দেওয়া হয়েছে। বগুড়ার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বাসস পরিচালনা বোর্ডের সদস্য মোজাম্মেল হক লালু, টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য আটজনকে মরণোত্তর এবং ছয়জনকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এ নিয়ে মোট ১৪ জনকে সম্মাননা প্রদান করা হয়।
যে আই