দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটায় নৌ পুলিশের এক কর্মকর্তার অপসারণ এবং অবৈধ কাঠের ট্রলিং বোট দিয়ে মাছ শিকার বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন উপকূলীয় জেলে ও স্থানীয়রা।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় সেভ দ্য বে অব বেঙ্গল ও উপকূলীয় জেলে সমিতির আয়োজনে মিছিলটি শুরু হয়। কুয়াকাটার মাছবাজার ঘুরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। এতে সেভ দ্য বে অব বেঙ্গলের নেতাকর্মী, মহিপুর মৎস্যজীবী দলের নেতৃবৃন্দসহ মহিপুর, আলীপুর ও কুয়াকাটা উপকূলের শতাধিক জেলে অংশ নেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৫ নভেম্বর কোস্টগার্ডের নিজামপুর স্টেশন আবুল হোসেন কাজীর মালিকানাধীন এফবি এলমা-৪ নামের একটি আর্টিসানাল ট্রলিং বোট এবং চট্টগ্রামের সুরেন্দ্র কুমার দারের মালিকানাধীন এফবি মেঘনা-০৫ নামের আরেকটি বোট জব্দ করে। পরে বোট দুটি কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামানের জিম্মায় রাখা হয়। তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জব্দ করা ট্রলিং বোট মাছ শিকারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
বিক্ষোভকারীদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড সামুদ্রিক মৎস্যসম্পদ ও সাধারণ জেলেদের জীবিকাকে হুমকির মুখে ফেলছে। এ ঘটনায় নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁর অপসারণ দাবি করেন তারা। একই সঙ্গে অবৈধ কাঠের ট্রলিং বোটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সেভ দ্য বে অব বেঙ্গলের উপকূলীয় শাখার সেক্রেটারি জেনারেল কাওছার মনির। এতে মহিপুর থানা মৎস্যজীবী দলের সভাপতি আফজাল মোল্লা, সেভ দ্য বে অব বেঙ্গলের সদস্য রুমি শরীফ, উপকূলীয় জেলে সমিতির সদস্য বেল্লাল গাজীসহ মহিপুর, আলীপুর ও কুয়াকাটা মৎস্যবাজারের শতাধিক জেলে অংশ নেন।
কাওছার মনির বলেন, সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা ও জেলেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে অবৈধ ট্রলিং বন্ধ করা জরুরি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জব্দ করা ট্রলিং বোট মাছ শিকারে গেলে তা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামানের অপসারণ দাবি করেন তিনি।
মহিপুর থানা মৎস্যজীবী দলের সভাপতি আফজাল মোল্লা বলেন, অবৈধ ট্রলিং বোটের কারণে সাধারণ জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিয়ম মেনে মাছ শিকার করা জেলেরা নানা সংকটে পড়ছেন। তাই অবৈধ ট্রলিং বন্ধের পাশাপাশি ঘুষের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তবে অভিযোগ অস্বীকার করে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাঁর জিম্মায় থাকা জব্দ করা ট্রলিং বোটটি আলীপুরের আড়তদার মোস্তফা খলিফার কাছে জিম্মায় রাখা হয়েছে। এরপর কী হয়েছে, তা তিনি জানেন না।
এ বিষয়ে নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস এম নাজমুল হক বলেন, তাঁরা ইতিমধ্যে বিষয়টি জেনেছেন এবং তদন্ত শুরু করেছেন। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যে আই