দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদেশে কর্মী পাঠানোর সংখ্যার দিক থেকে দেশের ৬৪ জেলার মধ্যে নওগাঁর অবস্থান ৩৭তম। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ১৯৭৬ সাল থেকে বর্তমান পর্যন্ত সংরক্ষিত পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক অভিবাসনে দেশের শীর্ষে রয়েছে কুমিল্লা। দ্বিতীয় অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া এবং তৃতীয় স্থানে চট্টগ্রাম।
দীর্ঘ সময়ের এই পরিসংখ্যানে নওগাঁর পিছিয়ে থাকার কারণ ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়েছে জেলা অভিবাসন সমন্বয় কমিটির (ডিএমসিসি) সভায়। সভায় দক্ষ জনশক্তি তৈরি, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং নিরাপদ ও বৈধ পথে বিদেশে কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিদেশে প্রশিক্ষিত কর্মীদের চাহিদা, মর্যাদা ও বেতন তুলনামূলক বেশি। বাংলাদেশের তুলনায় নেপাল ও ফিলিপাইনের কর্মীরা বিদেশে বেশি বেতন ও মর্যাদা পেয়ে থাকেন। এর অন্যতম কারণ তাঁদের দক্ষতা ও প্রশিক্ষণ। তাই বিদেশে যাওয়ার আগে প্রত্যেক কর্মীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি বেশি রেমিট্যান্স অর্জনও সম্ভব।
তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর সংখ্যার দিক থেকে ৬৪ জেলার মধ্যে নওগাঁর অবস্থান ৩৭তম। এ অবস্থান থেকে জেলাকে এগিয়ে নিতে হবে। নওগাঁর আরও বেশি মানুষ যাতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে এ বিষয়ে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।
নিরাপদ অভিবাসনের ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক আরও বলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি প্রক্রিয়া অনুসরণ করে বিদেশে গেলে প্রতারণার ঝুঁকি কমে। এরপরও কেউ প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট প্রতারকদের আইনের আওতায় আনার সুযোগ রয়েছে। তাই দালাল চক্রের খপ্পরে না পড়ে বৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে সবাইকে সচেতন করতে হবে।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ও ডিএমসিসির সদস্যসচিব মো. সামানুর ইমাম। তিনি বলেন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বিদেশগামীদের যাওয়ার আগে প্রয়োজনীয় তথ্য, প্রশিক্ষণ ও অভিবাসন-সংক্রান্ত নিয়মকানুন সম্পর্কে জানতে হবে। দালাল চক্রের প্রতারণা থেকে রক্ষা পেতে সরকারি প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে শুধু কর্মী পাঠালেই হবে না, তাঁদের দক্ষতা ও ভাষাগত যোগ্যতাও নিশ্চিত করতে হবে। এ জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকর করা প্রয়োজন। পাশাপাশি বিদেশগামীদের সহজ শর্তে ঋণ, প্রয়োজনীয় তথ্য ও পরামর্শসেবা নিশ্চিত করতে হবে। নিরাপদ অভিবাসন সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে উপজেলা পর্যায়েও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সভায় নিরাপদ অভিবাসন, রেমিট্যান্স বাড়ানোর উপায়, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি (ইউএমসিসি) গঠন এবং জেলা ভিজিল্যান্স টাস্কফোর্স কমিটির কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা সভা পরিচালনা করেন। সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মনজুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আমিনা খাতুন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জ্যেষ্ঠ ইনস্ট্রাক্টর মাহমুদ আল হাদী, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক এস এম মাহমুদুল আমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ আখতার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুতাসিম বিল্লাহ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. সাদেকুল ইসলাম এবং সাংবাদিক কাজী কামাল হোসেন।
যে আই