দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার পোশাকশিল্পাঞ্চল।
বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সাভারের হেমায়েতপুরে সংঘর্ষের সময় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। সংঘর্ষে তিন গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন পুলিশ ও শ্রমিক আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দুপুর পর্যন্ত শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া উসকানি দেওয়ার অভিযোগে মবিন নামের একজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকেই সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে হাজিরা দেওয়ার পর বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। সকাল আনুমানিক ১০টার দিকে পদ্মার মোড়ে সংঘর্ষের একপর্যায়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলমের ওপর অতর্কিত হামলা চালান বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ওসিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন মিয়া জানান, শ্রমিকদের হামলায় ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের তৎপরতায় সাভারের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং যানবাহন চলাচল শুরু হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
এর আগে সকালে হেমায়েতপুর বাসস্ট্যান্ড ও উলাইলের আল-মুসলিম কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিজিবি ও অতিরিক্ত পুলিশ সদস্যদের সহায়তায় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সংঘর্ষের খবর সংগ্রহকালে আন্দোলনকারীদের হামলার শিকার হন ৭১ টেলিভিশনের সাভার প্রতিনিধি রায়হান বিন আমিন, ক্যামেরা পারসন উজ্জ্বল হোসেন এবং স্টার নিউজের সাভার প্রতিনিধি সোহান সিরাজি। আহত অবস্থায় তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সাভারে পরিস্থিতি স্বাভাবিক হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে আশুলিয়া শিল্পাঞ্চল। সকাল থেকেই নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা। বেলা আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে শ্রমিকরা দাবি আদায়ে রাস্তায় নামার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আশুলিয়ার পরিস্থিতিও স্বাভাবিক হয়েছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্প পুলিশের ঢাকা অঞ্চলের আওতাধীন সব এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও যান চলাচলে প্রতিবন্ধকতা নেই। সকালে শ্রমিকরা বিভিন্ন কারখানায় কাজে যোগ দিলেও পরে অন্য এলাকার লোকজনের ইন্ধনে কাজ বন্ধ করে দেন। সাভারের আল-মুসলিম কারখানা থেকে পদ্মার মোড় পর্যন্ত সড়কে শ্রমিকরা পিকেটিংয়ের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে প্রতিবন্ধকতা দূর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি একসঙ্গে কাজ করছে।
যে আই