দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আবুল বাশার। তিনি জুলাই আন্দোলন-সংক্রান্ত গণহত্যা ও মানবতাবিরোধী মামলার আসামি হিসেবে উল্লিখিত হওয়ায় তার প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে এলাকায় আলোচনা ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন আবুল বাশার। বিষয়টি সামনে আসার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তার রাজনৈতিক পরিচয়, অতীত কর্মকাণ্ড এবং মামলাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজনের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব ব্যবহার করে আবুল বাশার ভূমি দখলসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন। তিনি মানিকগঞ্জ বিল্ডার্স নামে গড়েছেন রিয়েল এস্টেট ব্যবসা প্রতিষ্ঠান।
এ ছাড়া অভিযোগ রয়েছে, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আবুল বাশার তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন এবং এলাকায় প্রভাব বিস্তার করছেন। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন।
জানা গেছে , আবুল বাশারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ১৯৭৩ এর ধারা ৮ অনুযায়ী ৩(২) ও ৪(১)(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। অভিযোগে আসামি হিসেবে তার নাম থাকার বিষয়টি সামনে আসার পর চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার উদ্যোগ নিয়ে তাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তার আইনগত অবস্থান কী, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে আবুল বাশার বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে, সেগুলো সত্য নয়।’
স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রার্থীর আইনগত অবস্থানসহ উত্থাপিত অভিযোগগুলো যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
/অ