দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে ট্রলার থেকে নদীতে পড়ে আট বছর বয়সী ঐদ্রিতা ব্যাপারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন তার মা রিনা ব্যাপারী (৩৫)। দুর্ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পরও তার সন্ধান মেলেনি। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কালীগঙ্গা নদীতে ডুবুরি দলের উদ্ধার অভিযান চলছে।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঐদ্রিতা নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের শংকর ব্যাপারীর মেয়ে। তার বাবা ঢাকার একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন শংকর ব্যাপারী। সোমবার রাতে তারা শ্রীরামকাঠী বন্দর এলাকায় পূজা দেখতে যান। পূজা শেষে ট্রলারে করে বাড়ি ফেরার পথে রাত ৯টার দিকে ৫০ থেকে ৬০ জন যাত্রী ও ছয়টি মোটরসাইকেল নিয়ে নদী পার হচ্ছিল ট্রলারটি। অতিরিক্ত ভারে ট্রলারটি একদিকে কাত হয়ে গেলে ১৫ থেকে ২০ জন যাত্রী নদীতে পড়ে যান। তাদের অধিকাংশ তীরে উঠতে পারলেও নিখোঁজ হন রিনা ও ঐদ্রিতা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। রাত ১১টা ১০ মিনিটের দিকে ঐদ্রিতার মরদেহ উদ্ধার করা হয়। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত তার মায়ের সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন। এ সময় তিনি উদ্ধার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পূজার সময় যাত্রীদের চাপ বেশি ছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও খোঁজ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়েছে।
তিনি বলেন, পিরোজপুরে স্থায়ী ডুবুরি দল রাখার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। ট্রলারে যাত্রী পারাপার নিয়ে কোনো সিন্ডিকেট থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের চাপ সামলাতে প্রয়োজনে আজ ও আগামীকাল রাত ১২টা পর্যন্ত ফেরি চালানোর ব্যবস্থা করা হবে। ঘাটের দুর্ভোগ কমাতে ফেরি অন্য স্থানে স্থাপন এবং সেখানে সেতু নির্মাণের সম্ভাব্যতাও যাচাই করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে কীভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে প্রশাসন কাজ করছে।
এ সময় জেলা প্রশাসক গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন ও নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা উপস্থিত ছিলেন।
নিখোঁজ রিনা ব্যাপারীকে উদ্ধারে প্রশাসন ও ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।
যে আই