দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ সাহাব উদ্দিন (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজারের ব্যাগে ময়দার ভেতর করে সুকৌশলে এই ইয়াবা বহন করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে রায়গঞ্জ ও সলঙ্গা থানার যৌথ অভিযানে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) বিনয় কুমার।
আটক মাদক ব্যবসায়ী সাহাব উদ্দিন চট্টগ্রামের রামু থানার উত্তর খুনিয়াপালং গ্রামের সৈয়দ আলমের ছেলে। তার বিরুদ্ধে আগেও দুটি মাদক মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) বিনয় কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে সলঙ্গা থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় প্রাইভেট কারে থাকা ময়দা ভর্তি বাজারের ব্যাগের ভেতরে ১১টি প্যাকেটে ইয়াবাগুলো পাওয়া যায়।
তিনি বলেন, বাজারের ব্যাগের ভেতর ২২ হাজার পিস ইয়াবা সুকৌশলে রাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়-ইয়াবাগুলো ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক সাহাব উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ও সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক উপস্থিত ছিলেন।
জেবি