দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যার দুদিন পর জেলার মোহনগঞ্জ পৌরশহরে সুজন পাল (৩৩) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৮ অক্টোবর) ভোরে মোহনগঞ্জ উপজেলার মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আহত সুজন পাল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরের একটি মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। স্ত্রী ও সন্তানকে নিয়ে মাইলোড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বাসা থেকে বের হন সুজন। এ সময় তিনি বাসার পাশের রামকৃষ্ণ মন্দিরসংলগ্ন পুকুরের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সুজনের স্ত্রী টুম্পা পাল জানান, বাসার পাশের সড়কে ওঠার পর মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি সুজনের কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান। এ সময় তাঁদের একজন অস্ত্র বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে গুলি করে। পরে মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, সুজনের পিঠে গুলি লেগেছে। সকালে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান ও মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুনও ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরশহরের তেলুনজিয়া এলাকায় একটি মুদি দোকানের সামনে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে (৪০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে অজ্ঞাতপরিচয় আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার পর শনিবার (১৭ অক্টোবর) রাতে সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
এমএস/