দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুর অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়েছে। আমিরুল ইসলাম খান আলিম ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের ৯৬টি মন্দির কমিটির মাধ্যমে মোট ১০ লাখ টাকা ও ৩০০টি শাড়ি বিতরণ করা হয়।
রোববার দুপুরে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মন্দির কমিটির নেতাদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব বনি আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমিরুল ইসলাম খান আলিম ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহনাজ প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। যুগ যুগ ধরে এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছেন। প্রতিটি নাগরিক যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি সম্প্রীতি ও মিলনমেলারও উপলক্ষ। সনাতন ধর্মাবলম্বীদের মুখে হাসি ফোটাতে এবং উৎসবের আনন্দ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেন। পাশাপাশি পূজার সময় সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম আজম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল এবং এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জু সিকদার।
পূজা উদ্যাপন সংশ্লিষ্ট নেতাদের মধ্যে বক্তব্য দেন পূজা উদ্যাপন পরিষদ বেলকুচি শাখার সভাপতি বৈদ্যনাথ রায়, সাধারণ সম্পাদক ডা. অমৃত নারায়ণ এবং বেলকুচি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয় শঙ্কর সাহা।
অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মীয় নেতারা এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, এ ধরনের সহায়তা তৃণমূলের অসচ্ছল পরিবারগুলোর পূজার আনন্দ বাড়াতে ভূমিকা রাখবে।
এমএস/