দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উৎসাহ-উদ্দীপনা, আনন্দ-উচ্ছ্বাস ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনাজপুরে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী। শনিবার (১৭ অক্টোবর) সকালে নবপত্রিকা প্রবেশ ও স্থাপন এবং সপ্তমী বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা।
সকাল থেকেই জেলার বিভিন্ন পূজামণ্ডপ চণ্ডীপাঠ, পূজা-অর্চনা ও ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে। ষষ্ঠীপূজার পর মহাসপ্তমীতে দেবী দুর্গার আরাধনা ও অঞ্জলি দিতে মণ্ডপে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও দর্শনার্থীরা। এতে পূজামণ্ডপগুলোতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
দিনাজপুর শহরের ঐতিহাসিক রামকৃষ্ণ আশ্রম, আনন্দময়ী কালীবাড়ি ও বড় মাঠের কেন্দ্রীয় পূজামণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মণ্ডপে ছিল উৎসবের আমেজ। মহাসপ্তমী উপলক্ষে পূজা-অর্চনার পাশাপাশি বিভিন্ন মণ্ডপে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
এদিকে, দুর্গাপূজা ঘিরে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বিভিন্ন পূজামণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।
পূজা উদযাপন কমিটির নেতারা জানান, দিনাজপুরে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। উৎসব নির্বিঘ্ন রাখতে আয়োজক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছেন।
আগামীকাল মহাষ্টমীতে কুমারী পূজা ও সন্ধিপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকেরা।
এমএস/