দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ত্রিশালে জমিসংক্রান্ত বিরোধের জেরে সোহেল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ জেলা দায়রা জজ আদালতের চতুর্থ অতিরিক্ত বিচারক ফারজানা আহমেদ এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালের ২৮ মে ত্রিশালের কাহিহারী ইউনিয়নের বাগাদাড়িয়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে ধান নিয়ে বাড়ি ফেরার পথে আসামিদের সঙ্গে সোহেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত সোহেলকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল সালাম বেপারী ২০১১ সালের ২ জুন ত্রিশাল থানায় ২০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত চার আসামিকে দোষী সাব্যস্ত করেন। তাঁদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে আব্দুল সাত্তার বেপারী আদালতে উপস্থিত ছিলেন। তাঁর দুই ছেলে আলমগীর হোসেন আলম বেপারী ও রনি বেপারী এবং অপর আসামি আশিকুর রহমান আশিক পলাতক রয়েছেন।
তবে আদালতের এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছে নিহত সোহেলের পরিবার।
এমএস/