দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে গোলাম কবির নামে এক শিক্ষককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মাইনুদ্দিন হিরা এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত শিক্ষক আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত গোলাম কবির ছত্রাজিতপুর ইউনিয়নের কাঠালিয়াপাড়ার মৃত তাজেমুল হকের ছেলে। তিনি ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গোলাম কবির ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ২০২২ সালের ২১ আগস্ট বিদ্যালয় চলাকালে ওই ছাত্রী শিক্ষকের কাছে জীববিজ্ঞান বই চাইলে তাকে ২৩ আগস্ট বিকেলে স্কুলে আসতে বলেন গোলাম কবির।
অভিযোগ অনুযায়ী, শিক্ষকের কথা মতো ওই দিন স্কুলে গেলে গোলাম কবির তাকে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অফিসকক্ষে নিয়ে যান। পরে দরজা-জানালা বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ঘটনার দিনই ভুক্তভোগী ছাত্রীর চাচা শিবগঞ্জ থানায় গোলাম কবিরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ২০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল গণি আদালতে গোলাম কবিরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
পরে মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে গোলাম কবিরকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী এম আব্দুস সালাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি রবিউল হক দোলন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী নাজমুল আজম।
এমএস/