দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর সীমান্ত এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার ভোররাতে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের ১ নম্বর সুইচগেটের পশ্চিম পাশে খালসংলগ্ন নাফ নদীর সীমান্ত এলাকায় এ অভিযান চালায় এসআরবি ও বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।
আটক মো. ইদ্রিস (৪০) টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান আসার খবর পেয়ে এসআরবি ও বিজিবির একটি যৌথ দল ওই এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে বিজিবির টহলদলের সদস্যরা থার্মাল ইমেজারের মাধ্যমে মিয়ানমার দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করেন।
পরে সন্দেহভাজন ব্যক্তিদের বস্তাসহ নদী সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তারা রাতের অন্ধকারে পাশের কেওড়াবাগানের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি বড় আকারের প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১১ কোটি ৭০ লাখ টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এই ব্যাটালিয়ন অধিনায়ক।
এমএস/