দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩০৫ বোতল ভারতীয় হুইস্কিসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত এমভি তাসলিমা নামের একটি বাল্কহেড জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালী জেলার বাসিন্দা রফিক (৪৮) ও উজ্জ্বল (৪২)।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল পদ্মা নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় সুরেশ্বর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এমভি তাসলিমা নামের বাল্কহেডটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাল্কহেড থেকে ৩০৫ বোতল ভারতীয় ব্ল্যাক হুইস্কি উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে রফিক ও উজ্জ্বলকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত বাল্কহেডটি জব্দ করে নৌ-পুলিশ।
সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা হবে। নৌপথে মাদক পরিবহন রোধ ও নৌপথ নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএস/