দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল নগরে একটি পিকআপ ভ্যানের পেছনে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মো. রাহুল হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় আরও দুজন পালিয়ে গেছেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত দেড়টা পর্যন্ত নগরের কোতোয়ালি মডেল থানার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর বরফকলের সামনে এ অভিযান চালানো হয়।
ডিএনসি বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান কর্মকর্তারা। এ সময় নীল-হলুদ রঙের একটি পিকআপ ভ্যানের পাশে তিনজনকে দেখতে পেয়ে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। কর্মকর্তারা এগিয়ে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে রাহুল হাওলাদারকে আটক করা হয়।
এরপর পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে পেছনের ঢালাইয়ের ভেতর বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়। ওই চেম্বার থেকে স্কচটেপে মোড়ানো ৩০টি পলিথিনের পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় তিন কেজি করে গাঁজা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৯০ কেজি গাঁজা।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। পাশাপাশি পিকআপের চালকের ড্রাইভিং লাইসেন্সের আবেদনের একটি কপিও জব্দ করা হয় বলে জানিয়েছে ডিএনসি।
গ্রেপ্তার রাহুল হাওলাদার বরিশাল নগরের ৬ নম্বর ওয়ার্ডের কলাপট্টি এলাকার বাসিন্দা। পলাতক দুজন হলেন মো. সিরাজ মিয়া (৩৭) ও মো. পলাশ হাওলাদার (৪২)।
ডিএনসি কর্মকর্তারা জানান, গাঁজা পরিবহনের জন্য পিকআপটির পেছনে বিশেষ কায়দায় গোপন চেম্বার তৈরি করা হয়েছিল। পলাতক দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএস/