দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছুটির দিনেও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনের ১১তম দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই এবং মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাইসহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, আজ আন্দোলনের ১১তম দিন। ১১তম দিনের কর্মসূচি হিসেবে আমরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছি। আমাদের দাবি নিয়ে এখনো ঊর্ধ্বতন মহল থেকে কোনো সাড়া পাচ্ছি না। এর প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিল।
তিনি আরও বলেন, আমাদের ক্লাস ও পরীক্ষা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই, অতি শিগগিরই ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কাছ থেকে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একটি ইতিবাচক ফলাফল।
একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরিন্দম দে বলেন, প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে জুমার নামাজের পর আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছি। আমরা এই অনিশ্চয়তার একটা শেষ চাই। তারেক রহমানের কাছে আমাদের প্রথম দিন থেকেই আকুল আবেদন—তিনি যেন হস্তক্ষেপ করে এর একটি সমাধান করেন। আমরা ক্লাসে ফিরে যেতে চাই।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলছে। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা এরই মধ্যে মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন, মানববন্ধন, গণস্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
এমএস/