দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ২৯ হাজার ১৩৮ টাকার বিল প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় হতবাক ও ভোগান্তিতে পড়েছেন মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের গ্রাহক বাবু মোল্যা (৫৫)।
ভুক্তভোগী বাবু মোল্যা জানান, দীর্ঘদিন ধরে তার বাড়ির বিদ্যুৎ বিল ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে হয়ে আসছে। তবে এবার তার হাতে দেওয়া বিলের কাগজে বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে মাত্র ২০ ইউনিট, অথচ বিলের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ১৩৮ টাকা।
এ ঘটনায় তিনি বিস্মিত ও চিন্তিত। তার অভিযোগ, বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে বিলের এই বিশাল পার্থক্য তাকে নতুন করে ভোগান্তিতে ফেলেছে।
এ বিষয়ে মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফজলুল আনোয়ার বলেন, বিষয়টি দেখা হচ্ছে। তবে ভুক্তভোগী বাবু মোল্যার অভিযোগ, বিলের কাগজ নিয়ে অফিসে যাওয়ার আগেই মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন তাকে বিভিন্নভাবে হয়রানি করেছেন।
এর আগে মাগুরার এক নারী গ্রাহক মোছা. আলেয়া খাতুনের নামে মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি টাকারও বেশি বিল আসার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে ওই বিলের ভুলের বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ।
পরপর এমন অস্বাভাবিক বিদ্যুৎ বিলের ঘটনায় সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়গুলো নিছক কারিগরি ভুল, নাকি বিল প্রস্তুত প্রক্রিয়ায় অন্য কোনো অনিয়ম রয়েছে- তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
কেএম