দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়ায় গরুর ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে আওয়াল মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে হাতুড়ি ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। পরে তার স্ত্রী মোর্শেদা রওশন লাভলী চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে শামীম পহলান (৩৪), শাহীন পহলান (৪৩), ইয়াকুব হাওলাদার (২৬) ও মনির পহলান (৩২)-কে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আওয়াল মিয়া মঠবাড়িয়ার সাপলেজা বাজারে গরুর ব্যবসা করেন। অভিযুক্তদের কয়েকজনও একই বাজারে গরুর ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসা নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এর জেরে আওয়ালকে বিভিন্ন সময় হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সাপলেজা মাছ ও গরুর বাজারের টোলঘরের কাছে আওয়ালের সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়। এ সময় হাতুড়ি ও লাঠি দিয়ে তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় তার পকেটে থাকা ১৫ হাজার ৫০০ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শামীম পহলান। তিনি বলেন, আওয়ালের সঙ্গে আগে থেকেই একটি বিষয় নিয়ে বিরোধ ছিল। ওই দিন বাজারের টোলঘরে দুজনের মধ্যে উত্তেজিত হয়ে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় লোকজন এসে তাদের শান্ত করে দেন। কোনো মারধর বা হামলার ঘটনা ঘটেনি।
এ বিষয়ে সাপলেজা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, মাংস ব্যবসায়ীদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এর আগে টাকা-পয়সাসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। মারামারির পর আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য মঠবাড়িয়া হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সঠিক বিচার হওয়া উচিত।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, উপজেলার সাপলেজা বাজারের গতকাল দুপুরে কথা কাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার রাতে ভুক্তভোগী আওয়ালের স্ত্রী মোর্শেদা রওশন লাভলী চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে মামলা হিসেবে রেকর্ড করা হবে।
কেএম