দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার কাহালুতে অজ্ঞাতপরিচয় এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বেলঘরিয়া বড়ইতলা এলাকার একটি কাঁচা রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশেই অটোরিকশাটিও পাওয়া গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে চেতনানাশক কোনো ওষুধ খাইয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শনিবার রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে বেলঘরিয়া বড়ইতলা এলাকায় একটি কাঁচা রাস্তার পাশে অটোরিকশায় এক নারী, দুই শিশু ও এক পুরুষ অবস্থান করছেন বলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। সেখানে থাকা ওই পুরুষ নিজেকে ওই নারীর স্বামী পরিচয় দেন এবং তাদের নিয়ে যাওয়ার কথা জানান। পরে পুলিশ সেখান থেকে চলে আসে।
ওসি বলেন, কিছুক্ষণ পর স্থানীয় এক ব্যক্তি ফোন করে ওই এলাকায় একটি লাশের মতো কিছু পড়ে থাকার খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। তবে পুলিশ পৌঁছানোর আগেই সেখানে থাকা নারী, পুরুষ ও দুই শিশু ঘটনাস্থল থেকে চলে যায়।
পুলিশ জানায়, মরদেহটি সুরতহাল শেষে উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরে রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলের পাশেই অটোরিকশাটি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ওই অটোরিকশার চালকের। অটোরিকশাটি নেওয়ার উদ্দেশ্যে তাকে চেতনানাশক কোনো ওষুধ খাইয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের সম্পর্কে পুলিশ প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছে। তাদের আটকের জন্য অভিযান চলছে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
এমএস/