দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মানবিক নেতা হিসেবে সমাদৃত হয়েছেন। তবে দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক করতে কিছুটা সময় প্রয়োজন। কারণ ভঙ্গুর অর্থনীতি ও বিভিন্ন খাতে সংকট নিয়ে দায়িত্ব নিয়েছে সরকার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে আমরা বিএনপি পরিবার।
এ সময় এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের গ্যাস ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সংকট রয়েছে। জ্বালানি খাতের উন্নয়নে বিগত সরকার ও অন্তর্বর্তী সরকার কার্যকর কোনো কাজ করেনি। বরং লুটপাটের জন্য বিভিন্ন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। সেগুলো চলুক বা না চলুক, বসিয়ে বসিয়ে অর্থ দেওয়া হয়েছে। এভাবে বিপুল অর্থ বিদেশে পাচার করে দেশের বর্তমান পরিস্থিতি তৈরি করা হয়েছে।
তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে কিছুটা সময় দিতে হবে। জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে। এ কারণে যারা নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসার জন্য বিভিন্ন ক্ষেত্র তৈরি করেছিল, তাদের সেই আশা ভঙ্গ হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকার দেশের সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। এখন লুটপাটের টাকা ভোগ করতে পারছে না। মাঝে মাঝে শুনি, ৩১ ডিসেম্বরের মধ্যে তিনি দেশে আসবেন। আমরা বলি, ৩১ ডিসেম্বর কেন, যখনই আসবেন, তখনই আইনের মাধ্যমে তাকে রিসিভ করা হবে। হাতকড়া দিয়ে রিসিভ করে বাংলাদেশের মানুষের ওপর যে মানবতাবিরোধী আচরণ করা হয়েছে, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনাসহ তার যেসব দোসর দেশ ছেড়ে পালিয়ে আছেন, তাদের দ্রুত বাংলাদেশে ফেরত দিতে পার্শ্ববর্তী দেশের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের যে অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল, তার বিচার করা হবে। সুষ্ঠু বিচারের মাধ্যমে জনগণের অধিকার ও জনগণের অর্থ লুটের বিষয়গুলোর সমাধান করতে হবে।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম এবং আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএস/