দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। এ সময় এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে (বিএস) গুদামে অবরুদ্ধ করে রাখা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গিয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা পর তাকে উদ্ধার করেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে জেলার কচাকাটা থানার বল্লভের খাষ ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাবতলা বাজারের ভাই ভাই মেশিনারিজ ডিলার পয়েন্টে সকাল ৮টা থেকে কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। তবে ডিলার ভোরেই সার বিতরণ শুরু করে নির্ধারিত সময়ের আগেই তা শেষ করে দেন। সকাল ৮টার দিকে সার নিতে আসা কৃষকেরা সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন।
একপর্যায়ে তারা উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করেন। পাশাপাশি মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
বিক্ষুব্ধ কৃষকদের রোষানল থেকে কর্মকর্তাকে নিরাপদ রাখতে গুদামে পুলিশ মোতায়েন করা হয়। পরে দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপর পুলিশি নিরাপত্তায় উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদাম থেকে উদ্ধার করে নিজের গাড়িতে করে নিয়ে যান।
উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ওই ডিলার পয়েন্টে ৮০ বস্তা সার বিতরণ করা হয়েছে। সকাল সাড়ে ৭টায় বিতরণ শুরু হয় এবং তা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। বিতরণ শেষে কয়েক শ কৃষক এসে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার বলেন, সারের দাবিতে কিছু কৃষক সড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, সুষ্ঠুভাবেই সার বিতরণ করা হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়। কৃষকদের সার দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এবং অতিরিক্ত বরাদ্দের জন্য চাহিদা পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমএস/