দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ি এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিন পরিবারের চারটি বসতঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবারের স্বজনরা জানান, ভোররাতে হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা ঘর থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী, মোছা. হাসিনা বেগমের প্রায় ৫ লাখ টাকা, মো. শফিকুল ইসলামের ৮ লাখ টাকা, মো. সমেজ উদ্দিনের ৫ লাখ টাকা এবং মো. মুফাজ্জল মিয়ার ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাদের হিসাবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।
স্থানীয় সমাজকর্মী কামরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তারা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল আহমেদ বলেন, ভোররাত ৪টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে তিন পরিবারের চারটি ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ১৬ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
/অ