দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ, ঢেউটিন, সেলাই মেশিন, হুইলচেয়ার ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পটিয়া উপজেলা পরিষদ হলরুমে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা এসব সহায়তা বিতরণ করেন।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে ১৮ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। এছাড়া দুজনকে সেলাই মেশিন, পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার এবং পাঁচজনকে সুবর্ণ নাগরিক কার্ড দেওয়া হয়।
এর আগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।
সভায় সরকারি কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, শুধু সকাল ৯টায় এসে বিকেল ৫টায় চলে যাওয়ার মধ্যেই সরকারি কর্মকর্তাদের কাজ সীমাবদ্ধ নয়। আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে না পারলে নির্ধারিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না। দায়িত্ব সঠিকভাবে পালন করলে নাগরিকদের অনেক সমস্যা সমাধান করা সম্ভব।
তিনি বলেন, মানবিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষকে সেবা দিতে হবে। নাগরিক সেবা প্রদানে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। সবাই আন্তরিকভাবে সেবা দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
উন্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন সমস্যা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, পটিয়ার যেসব সমস্যার কথা উঠে এসেছে, সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে। সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আইন অমান্য হয়—এমন কোনো কাজ করা যাবে না।
পটিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন পটিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা সৌম্য চৌধুরী, পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম তোহা, সাংবাদিক আবদুল হাকিম রানা, পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবেদ আমিরী ও সাধারণ সম্পাদক রবিউল হোসেনসহ অনেকে।
এ সময় পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়বসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা উপজেলা ভূমি অফিস, পটিয়া পৌরসভা ও কুসুমপুরা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
এমএস/