দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডেঙ্গু প্রতিরোধ ও ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে এ কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশার প্রজননস্থল তৈরি হতে পারে—এমন স্থানগুলো পরিষ্কার করা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন করা এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, একদিনে পুরো ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সময় শিক্ষার্থীদের নিজেদের বাড়িঘরের আশপাশে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান সুমন সরদার। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও সামষ্টিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
পাশাপাশি রাজনৈতিক বিরোধীদের উদ্দেশে অপপ্রচার না চালিয়ে দেশের মানুষের কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ ক্যাম্পাসের সব অংশীজনকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখা গেলে মশার প্রজননস্থল কমানোর পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশও স্বাস্থ্যকর রাখা সম্ভব হবে।
এ সময় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, মনির হোসেন, রায়হান হোসেন অপু, আল আমিন সোহেল, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান, আহ্বায়ক সদস্য নাইমুর রহমান দুর্জয়সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএস/