দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা বৃষ্টির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৩২০ টাকায় উঠেছে। একই সঙ্গে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে বাড়তি খরচের চাপের মুখে পড়েছেন রাজধানীর ক্রেতারা।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর ফকিরাপুল,শান্তিনগর, খিলগাঁও বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে নতুন (কচি) কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০০ টাকা এবং পুরোনো (বুড়ো) কাঁচামরিচ ৩২০ টাকায়। ব্যবসায়ীরা জানান, মাত্র তিন দিন আগে নতুন কাঁচামরিচের দাম ছিল ২৪০ টাকা এবং এক সপ্তাহ আগে একই মরিচ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে। তাদের দাবি, টানা বৃষ্টিতে খেত থেকে মরিচ সংগ্রহে সমস্যা হওয়া এবং পানিতে মরিচ নষ্ট হয়ে যাওয়ায় সরবরাহ কমে গেছে।
কাঁচামরিচের পাশাপাশি সবজির বাজারেও ঊর্ধ্বমুখী দাম দেখা গেছে। বাজারে বেগুন ও ধুন্দল কেজিপ্রতি ১০০ টাকা, করলা ১২০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, পটল ৬০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, শিম ৩২০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা এবং পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়া প্রতিটি ৬০ টাকা, চালকুমড়া ৭০ টাকা, লাউ ৮০ টাকা এবং কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মরিচ বিক্রেতা মোশাররফ বলেন, টানা বৃষ্টিতে মরিচের খেতে পানি জমে অনেক ফসল নষ্ট হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তিনি জানান, এক সপ্তাহ আগে যে মরিচ ১২০ টাকায় বিক্রি হয়েছে, সেটিই এখন ৩২০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে দাম কমে আসতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
শান্তিনগরে বাজার করতে আসা শাহিন বলেন, কয়েক দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ৩২০ টাকা কেজি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।