দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের জলভিত্তিক পর্যটনের বিকাশ এবং হাওর অঞ্চলের পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলাদেশ হাউজবোট মেলা।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈলপ্রপাত হলে মেলার উদ্বোধন করা হয়। হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচওএবি) আয়োজিত এ মেলা চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, দেশের হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করেই পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে।
এইচওএবির সভাপতি আরাফাত হোসেন বলেন, জলভিত্তিক পর্যটনের প্রসারের পাশাপাশি হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা তৈরি করাও এবারের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তিনি জানান, মেলায় ১২০টির বেশি হাউজবোট প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশবান্ধব হাউজবোট পর্যটনের মাধ্যমে টাঙ্গুয়ার হাওর, কাপ্তাই লেকসহ দেশের বিভিন্ন জলাভূমিকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরা সম্ভব। একই সঙ্গে টেকসই পর্যটন শিল্প গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন দেশের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি হাওর অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএম/