দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর উত্তর বাড্ডায় পারিবারিক কলহের জেরে তানহা (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তর বাড্ডা থানা রোড এলাকার আবু বকর সিদ্দিক মসজিদ-সংলগ্ন কুদ্দুস মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তানহার বাড়ি ভোলা জেলার চর নাজিমুদ্দিন গ্রামে। তিনি সালাউদ্দিনের মেয়ে। স্বামী ইয়াসিন ফরাজীর সঙ্গে উত্তর বাড্ডার ওই বাসায় ভাড়া থাকতেন। তার আগের সংসারের একটি কন্যাসন্তান রয়েছে বলে জানা গেছে।
ওই বাসার ভাড়াটিয়া মোস্তফা জানান, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্যের একপর্যায়ে ইয়াসিন ফরাজী কক্ষ থেকে বের হয়ে যান। পরে তানহা ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
কিছুক্ষণ পর কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ইয়াসিনের সন্দেহ হলে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। তখন সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তানহাকে দেখতে পান তারা।
অচেতন অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত আনুমানিক ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
জে আই