দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন ও বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি হয়।
মঙ্গলবার (২৬ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকায় অবস্থিত চৈতি গার্মেন্টসের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। শ্রমিকদের অবরোধের কারণে মদনপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানার সামনে থেকে মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তারা সড়কের দুটি লেন আংশিকভাবে অবরোধ করে অবস্থান নেন। শ্রমিকদের অভিযোগ, এপ্রিল মাসের বকেয়া বেতন এবং মে মাসের বেতন ও ঈদ বোনাস এখনো পরিশোধ করা হয়নি। ঈদের আগে সব পাওনা পরিশোধের দাবিতে তারা আন্দোলনে নামেন।
শ্রমিকরা জানান, মালিকপক্ষ পুরো বেতন পরিশোধে অপারগতার কথা জানালে তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
অবরোধের কারণে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে এবং দীর্ঘ সময় যানবাহন আটকে থাকে। এতে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা দুর্ভোগে পড়েন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি শামীম শেখ বলেন, শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে মহাসড়কে অবস্থান নেন। এতে দুই লেনে যানজট তৈরি হয়। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
বিকেল ৪টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেন বলে জানা গেছে। তবে এরপরও যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়নি।
এমএস/