দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মিরপুরে দুই বাসের মধ্যে চাপা পড়ে এক হেলপার মারা গেছে। নিহতের নাম জিসান (১৭)।
রোববার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে মিরপুর ১ নম্বর চাইনিজের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
নিহত জিসান মোহাম্মদপুর থেকে আব্দুল্লাহপুরগামী পরিস্থান বাসের হেলপার ছিল। তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার জয়া গ্রামে। বর্তমানে পরিবারের সঙ্গে মিরপুর শ্যাওড়াপাড়ায় থাকত সে।
হাসপাতালে পরিস্থান বাসের আরেক গাড়ি চালক তোফাজ্জল হোসেন জানান, সকালে পরিস্থান বাসটি মোহাম্মদপুর থেকে আব্দুল্লাহপুর যাচ্ছিল। মিরপুর ১নম্বর চাইনিজের বিপরীত পাশে দাঁড়িয়ে বাসটি যাত্রী উঠাচ্ছিল। এমন সময় প্রজাপতি নামের আরেকটি বাস তাদের বাসের পাশাপাশি চলে আসে এবং পরিস্থান বাসটি চলতে শুরু করে। জিসান বাসে উঠার সময় প্রজাপতি ও পরিস্থান বাসের মধ্যে চাপা পড়ে গুরুতর আহত হয়।
তোফাজ্জল আরও জানান, জিসানকে প্রথমে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সে মারা যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ঘটনার পরপরই পরিস্থান ও প্রজাপতি নামে দুটি বাস জব্দ করে দুই চালককে আটক করা হয়েছে।
জেডএ