দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। অন্যান্য বছরের তুলনায় এবার বেতন ও বোনাস সংক্রান্ত জটিলতা অনেকাংশে কাটিয়ে অধিকাংশ কারখানায় সময়মতো পাওনা পরিশোধ করা হয়েছে। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শ্রমিকরা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
গাজীপুরের এই পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্য ও গার্মেন্টস উদ্যোক্তা সালাউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘গাজীপুরের নিবন্ধিত প্রায় সব কারখানায় শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে। শ্রমিকরা যেন কোনো দুশ্চিন্তা ছাড়া ঈদ করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।’
সরেজমিনে কালিয়াকৈর, কোনাবাড়ি ও শ্রীপুর এলাকায় দেখা গেছে, সকাল থেকেই শ্রমিকরা দলবদ্ধভাবে বাসস্ট্যান্ডে ভিড় করছেন। বাসে ওঠার সময় তাদের চোখেমুখে স্বস্তির ছাপ লক্ষ্য করা গেছে। কারখানার সামনে কোনো বিক্ষোভ বা জটলা দেখা যায়নি।
শ্রমিকদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ বিশেষ নজরদারি চালাচ্ছে। পরিবহন ব্যবস্থায় চাপ থাকলেও শ্রমিকরা জানিয়েছেন, গতবারের তুলনায় এবারের যাত্রা তুলনামূলক বেশি সুশৃঙ্খল।
শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো বেতন-ভাতা পরিশোধের এই ধারা অব্যাহত থাকলে মালিক-শ্রমিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দেশের রপ্তানি আয়েও ইতিবাচক প্রভাব পড়বে।
এমএস/