দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে বিশেষ (সম্পূরক) বৃত্তি চালুর দাবিতে মাইকিং করে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্র অধিকার পরিষদ।
রোববার (৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে থেকে কর্মসূচিটি শুরু হয়ে প্রশাসনিক ভবনের চারপাশ প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা মাইকে ব্যঙ্গাত্মক কবিতা, স্লোগান ও প্রতিবাদী বক্তব্য তুলে ধরে প্রশাসনের প্রতি তাদের দাবি জানান।
এ প্রসঙ্গে জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রাব্বি বলেন, আজকের মাইকিং কর্মসূচি প্রশাসনের ঘুম ভাঙানোর জন্য। এতে যদি তাদের ঘুম না ভাঙে, তাহলে আমরা পদত্যাগের দাবি জানাবো। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, বৃত্তি আমাদের অধিকার।
সংগঠনটির সভাপতি একেএম রাকিব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূরক বৃত্তি বাস্তবায়নে গড়িমসি করছে এবং শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। সরকারের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল, সম্পূরক বৃত্তি বিশ্ববিদ্যালয়ের বাজেটের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে এবং আবাসন সংকট নিরসন না হওয়া পর্যন্ত তা চালু থাকবে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী এখনো কোনো সুস্পষ্ট পদক্ষেপ দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
এর আগে গত ৪ মার্চ এক জরুরি সংবাদ সম্মেলনে সম্পূরক বৃত্তি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদ। আবাসন সংকটের কারণে অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা চালুর দাবিও জানিয়ে আসছে সংগঠনটি।
এমএস/