দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মোহাম্মদপুরের দুই ছিনতাইকারীকে নেতাকর্মীদের মাধ্যমে আটক করে পুলিশে সোপর্দ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঞা। দুই ছিনতাইকারীর একজন মেহেদী (২০); অপরজন রুহুল আমিন (২১)।
ভুক্তভোগী জহিরুল ইসলাম জানান, গত বুধবার (৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে খাবার ডেলিভারি দেওয়ার জন্য নবোদয় হাউজিং এলাকার ৩ নম্বর রোডে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় দুই তরুণ তার পিছু নেয়, তখন তিনি বুঝতে পারেননি যে তারা ছিনতাইকারী।
সেই গ্রাহকের বাসার সামনে যেতেই একজন হলুদ গেঞ্জি পরিহিত যুবক তাকে পেছন দিক থেকে চাপাতি দিয়ে কোপাতে থাকেন। জহিরুল প্রাণে বাঁচতে সাইকেল থেকে নেমে মোবাইল ফোন ফেলে দৌঁড় দেন। এসময় ছিনতাইকারীরা তার মোবাইল ফোনটি নিয়ে সবার সামনে দিয়ে পালিয়ে যায়। পরে তিনি স্থানীয় একটি ফার্মেসিতে চিকিৎসা নিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
এদিকে নবোদয় হাউজিংয়ের সাধারণ সম্পাদক নাজিব আমজাদ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ছিনতাইয়ের ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে পোস্ট করেন। যা স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের চোখে পড়ে।
তিনি বিষয়টি জানতে পেরে ছিনতাইকারীদের দ্রুত সময়ের মধ্যে আটক করতে নির্দেশ দেন। পরে স্থানীয় নেতাকর্মীরা গতকাল বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ১২টায় দুই তরুণকে আটক করে। এ সময় তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মোহাম্মদপুর থানার ওসি জানান, ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী জহিরুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন। সেই মামলায় দুই তরুণকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করার যাবতীয় মালামাল উদ্ধার করা হয়েছে।
ডিপি/