দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর রমনা থানাধীন মালিবাগ ফ্লাইওভার থেকে পড়ে সাহিদা ইসলাম মীম (২১) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
রোববার (৮ অক্টোবর) রাত দেড়টার কিছু পরে ঘটে এ মর্মান্তিক ঘটনা।
সাহিদা হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা, বাগিচার টেকের মৃত শেখ আবু সাঈদ ও আজিমুন ইসলাম নাজমার মেয়ে। বর্তমানে হাতিরঝিল থানার ওমর আলী লেনের হোপ কুঞ্জে থাকতেন তিনি।
সংবাদ পেয়ে রমনা থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত ৩টায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার কিছু পরে হঠাৎ ফ্লাইওভার থেকে নিচে এসে পড়ে মেয়েটি। এ সময় সেখানে থাকা মানুষজন ফ্লাইওভারের দিকে তাকিয়ে একটি ছেলেকে দেখতে পায়। এরপর ছেলেটি অল্প সময়ের মধ্যেই সরে পড়ে সেখান থেকে।
মেয়েটি নিজ থেকে লাফিয়ে পড়েছেন নাকি কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন থানার উপ-পরিদর্শক (এসআই) আমেনা খানম। পুলিশের ওই কর্মকর্তা নিহতের মায়ের বরাত দিয়ে বলেন, কফি খাওয়ার কথা বলে তার এক বন্ধু ফোন করে ডেকে নিয়ে গিয়েছিল সাহিদাকে। এর বেশি কিছু তিনি জানাতে পারেননি।
ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর প্রকৃত ঘটনা বলা যাবে বলেও জানান তিনি।
জেডএ