দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ও দায়িত্বে যোগদানের নির্দেশ অমান্যের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাজী মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সই করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী কাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে গুরুদণ্ড হিসেবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে তাকে ডিএমপি থেকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। সেপ্টেম্বরে সেখানে যোগদানের পর ছুটি মঞ্জুর না হলেও তিনি কর্মস্থল ত্যাগ করেন।
২২ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত থাকার পর ২১ নভেম্বর তিনি কাজে যোগ দেন। এরপর ২৫ নভেম্বর থেকে আবারও সরকারি অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকেন।
এ ঘটনায় ২০২৫ সালের আগস্টে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে দুই দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।
পরে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ নেওয়া হয়। ২৪ আগস্ট কমিশন তাকে চাকরি থেকে বরখাস্তের পক্ষে পরামর্শ দেয়।
এরপর রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া হয়। রাষ্ট্রপতির অনুমোদনের পর ২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে কার্যকর করে কাজী মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এমএম/