দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদের দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, ঈদের দিন সকালে ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিও থাকতে পারে।
তিনি বলেন, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে তুলনামূলক কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ড. মল্লিক জানান, জ্যেষ্ঠ মাসে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হওয়ার আগে বাংলাদেশ ও আশপাশের এলাকায় মেঘের সৃষ্টি হয়ে বৃষ্টিপাত হয়ে থাকে। এ কারণে চলতি সময়জুড়ে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
তিনি আরও বলেন, এ সপ্তাহে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা লঘুচাপের সম্ভাবনা নেই। তবে জুনের প্রথম সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে তখনও সারা দেশে বৃষ্টিপাতের পরিস্থিতি থাকতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
জে আই