দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের ৬ জেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সবাই কৃষক ও শ্রমিক। যারা মাঠে বোরো ধান ও ভুট্টা কাটার কাজ করছিলেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।
বুধবার (৬ মে) দুপুর থেকে বিকেলের মধ্যে নওগাঁ, জামালপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম, ময়মনসিংহ ও নাটোরে বজ্রপাতের এসব ঘটনা ঘটে। এর মধ্যে নওগাঁয় ৩ জন, জামালপুরে ১ জন, লালমনিরহাটে ১ জন, কুড়িগ্রাম ১ জন, ময়মনসিংহে ১ জন ও নাটোরে ১ জন। জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভুট্টাখেতে কাজ করার সময় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর এলাকার শুকুর মাহমুদের ছেলে। স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে নিজ খেতে ভুট্টা তুলছিলেন সোহেল। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি সেখানেই অবস্থান করেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের পরিবারকে সরকারি সহায়তা দেয়া হবে।
নওগাঁ: নওগাঁর পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। দুপুরে জেলার নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন- নিয়ামতপুর উপজেলার রামনগর এলাকার অনুকূল চন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জুয়েল এবং মহাদেবপুর উপজেলার কুড়াপাড়া গ্রামের দিলীপ চন্দ্র বর্মণ। স্থানীয়রা জানান, নিয়ামতপুরের রামনগর এলাকায় মাঠে ধান কাটছিলেন অনুকূল চন্দ্র। একই সময়ে পাশের খাসের হাট উঠাপাড়া গ্রামে ধান কাটার কাজ করছিলেন শ্রমিক জুয়েল। বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অন্যদিকে মহাদেবপুরের কুড়াপাড়া গ্রামে বজ্রপাতে মারা যান দিলীপ চন্দ্র বর্মণ। এসব ঘটনায় আরও দুজন মারাত্মক জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টাখেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ইউসুফ ওই এলাকার বাসিন্দা এবং তিন সন্তানের জনক। বুধবার দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারি এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের সঙ্গে খেতে কাজ করছিলেন ইউসুফ। বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোটমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন জানিয়েছেন, নিহতের পরিবারকে সহায়তা দেয়া হবে। ময়মনসিংহ: নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুর রশিদ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে।
বিকেল ৩টার দিকে বাড়ির পাশের জমিতে ধান কাটার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। আকাশে বজ্রসহ বিদ্যুৎ চমকাতে থাকে। একপর্যায়ে বজ্রপাত হলে তিনি ছিটকে পড়ে মাঠেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো. ওবাইদুল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ওবাইদুল উপজেলার বদিজামালপুর গ্রামের মো. আব্দুল হকের ছেলে। দুপুরে জমিতে ধান কাটার সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোর: লালপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আজিজ মণ্ডল। বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওগাঁড়া সুলতানপুর চর এলাকার মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, নিজ জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন আজিজ মণ্ডল। এ সময় বজ্রপাতে তার শরীরের বাম পাশের বড় অংশ পুড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
লালপুর থানার (ওসি) শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কে