দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমে গেছে আজ শুক্রবার। শৈত্যপ্রবাহ বইছে দেশের তিন জেলায়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল শনিবার তাপমাত্রা মোটামুটি একই রকম থাকতে পারে। তবে এরপর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।
জানা যায়, প্রায় এক সপ্তাহ ধরে তাপমাত্রা বাড়ছিল। তবে গতকাল বৃহস্পতিবার থেকেই তা একটু করে কমতে শুরু করেছে। গতকাল শুধু পঞ্চগড়ের তেঁতুলিয়া তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের তিনটি স্থানে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে সবেচয়ে কম তাপমাত্রা গোপালগঞ্জে, ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া বাকি দুই স্থান হলো পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গা। দুই স্থানেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ সকালে বলেন, সার্বিকভাবেই আজ দেশের তাপমাত্রা কমে গেছে। এর মধ্যে তিন স্থানে শৈত্যপ্রবাহ আছে। আগামীকাল তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। তবে এর পরদিন থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে।
আজ শুক্রবার কিন্তু রাজধানীতেও তাপমাত্রা কমেছে গতকালের চেয়ে। এদিন রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে গেল ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
চলতি মাসে আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে শাহীনুল ইসলাম বলেন, এ মাসের শেষে অথবা আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতে তাপমাত্রা আবার কমতে পারে। তবে সে সময় শৈত্যপ্রবাহ হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।
উল্লেখ্য, চলতি মাসে দেশে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কথা বলেছিল আবহাওয়া অধিদপ্তর।
আরএ