দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ভারতের উড়িষ্যা-অন্ধ্র উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি শুক্রবার সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্যবঙ্গোপসাগর অবস্থান করছে। সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে।
আরও জানা যায়, সুস্পষ্ট লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সুস্পষ্ট আকার ধারণ করেছে। বর্তমানে এটি উড়িষ্যা-অন্ধ্র উপকূলের অদূরে অবস্থান করছে এবং আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন অবস্থায় মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত হয়েছে উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা, লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে আসাম পর্যন্ত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কিছুটা দুর্বল থাকলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকায় দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমবে।
রোববার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালে দু-এক জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই অবস্থা সোমবার (২৯ সেপ্টেম্বর)ও থাকবে। তবে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশালে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। সেদিন সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ফলে দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ এবং সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
এফএইচ/