দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জৈষ্ঠ্যের শেষ দিনেই রাজধানীতে ঝরলো অঝোর ধারায় বৃষ্টি। টানা তীব্র ভ্যাপসা গরমে অতিষ্ঠ জীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে এই বৃষ্টি।
এদিকে সন্ধ্যার পর থেকে দেশের দুটি বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার বিকেলে আবহাওয়াবিদ মো. তারিফুল নেওয়াজ কবির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ১৩ জুন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিমি। ২৪ ঘণ্টা) থেকে অতিভারী (২৮৯ মিমি/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। বাতাসের আদ্রতা রয়েছে ৮৬ শতাংশ। এছাড়াও আজকের বাতাস দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।
দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, এছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।