দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী ৩ দিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে। তবে কমতে পারে রাতের তাপমাত্রা।
বুধবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামীকাল বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে।
পরের ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শেষের ২৪ ঘণ্টায়ও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষের দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি বলা হয়েছে, এ সময়ে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা কমতে পারে। দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
ডিপি/