দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৃষ্টি আর দমকা হাওয়ার দাপট আপাতত কাটছে না। দেশের বিভিন্ন অঞ্চলে আরও দু-এক দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টির প্রবণতা। তবে রোববার থেকে ধীরে ধীরে কমে আসবে বৃষ্টির বিস্তৃতি। সোম ও মঙ্গলবার দেশের অধিকাংশ এলাকায় ফিরতে পারে শুষ্ক আবহাওয়া। আর মেঘমুক্ত আকাশের হাত ধরে নামতে শুরু করবে রাতের তাপমাত্রা, বাড়বে শীতের অনুভূতি। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবেই আবহাওয়ায় দেখা যাচ্ছে এমন নাটকীয় পরিবর্তন।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশার গোপালপুরের কাছ দিয়ে উপকূল অতিক্রম করে স্থলভাগে উঠে এসেছে।
স্থলভাগে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড়টি ক্রমেই শক্তি হারিয়ে দুর্বল হতে থাকবে। তবে এটি পর্যায়ক্রমে নিম্নচাপ ও লঘুচাপে রূপ নেওয়ার কারণে এর রেশ ধরে বাংলাদেশের আকাশেও বেশ কিছুক্ষণ মেঘের আনাগোনা দেখা যাবে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা গণমাধ্যমকে বলেন, শুক্র ও শনিবার বৃষ্টির প্রবণতা থাকবে। তবে শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। রোববার থেকে দুয়েক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টি থেমে গেলেও আকাশে কিছুটা মেঘলা ভাব থাকবে।
তিনি বলেন, ঘূর্ণিঝড়টি স্থলভাগে উঠে দুর্বল হওয়ার পরবর্তী প্রক্রিয়ার প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। বুধবার থেকে মেঘলা ভাব কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রাও কমে আসবে।
আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টির প্রবণতা কমে আসার ইঙ্গিত রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, শুক্র ও শনিবার দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। মঙ্গলবারও বৃষ্টির উল্লেখযোগ্য সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
এমজে