দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসুর’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। এটি বর্তমানে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে। এর প্রভাবে দেশের খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায় এ তথ্য।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে আইএমডির বরাতে বলা হয়, মঙ্গলবার রাত ১টার দিকে ঘূর্ণিঝড়টির উপকূলে প্রবেশ প্রক্রিয়া শুরু হয়। বাতাসের তীব্রতার সঙ্গে সংগতি রেখে উপকূলজুড়ে চলছে টানা ভারি বর্ষণ। ল্যান্ডফলের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটারে পৌঁছেছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজ ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিমি এবং সকাল ৯টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৬ মিনিটে।
বুধবার (৪ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই দিনে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। শুক্রবার (৬ নভেম্বর) আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পূর্বাভাসে শেষ দিন শুক্রবার (৭ নভেম্বর) আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী ৫ দিন পর বর্ধিত সময়ের শেষভাগে দেশে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এমজে